বিনোদন

পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি

পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি

পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা বানানো এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। কিন্তু একই সঙ্গে পাকিস্তানের সিনেমা হলের সংখ্যা নিয়ে তাঁর দেওয়া তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শাকিবের ভাষ্য, দেশটিতে এখন প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল আছে। অথচ পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সচল হল রয়েছে মাত্র ৪৮টি, আর সচল পর্দা ১১৫টি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে এ আগ্রহের কথা বলেন শাকিব। তিনি জানান, পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে আগে তাঁর ধারণা খুব ইতিবাচক ছিল না। পরে খোঁজ নিয়ে তিনি জেনেছেন, সেখানে প্রায় ১ হাজার ২০০টি সচল হল এবং বেশ কিছু আধুনিক মাল্টিপ্লেক্স আছে। তাঁর মতে, একটি সিনেমা ভালো ব্যবসা করলে সেখানে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করা সম্ভব।

হিসাবের ব্যবধান

শাকিবের এই তথ্যের সঙ্গে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানের বড় ফারাক দেখা যাচ্ছে। ২০২৪ সালের ১০ এপ্রিল ডনের প্রতিবেদনে বলা হয়, প্রায় ২৫ কোটি মানুষের দেশটিতে তখন আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা ছিল।

এর প্রায় এক বছর পর, ২০২৫ সালের ১৮ মার্চ দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে চিত্র আরও সংকটাপন্ন বলে উঠে আসে। প্রদর্শক নাদিম মান্দিভাল্লার দেওয়া নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ৩৬টি হলের ৫৮টি পর্দা স্থায়ীভাবে এবং ৯টি পর্দা সাময়িকভাবে বন্ধ হওয়ায় ৪৮টি হলে সচল পর্দার সংখ্যা দাঁড়ায় ১১৫টিতে। এ হিসাবের সঙ্গে ১ হাজার ২০০ হলের দাবির কোনো মিল পাওয়া যায় না।

হল বন্ধ হওয়ার পেছনে

এক্সপ্রেস ট্রিবিউনের মতে, সারা বছর চালানোর মতো পর্যাপ্ত সিনেমার অভাব, করোনার পর দর্শকের সিনেমা দেখার অভ্যাস বদলে যাওয়া এবং ভারতীয় সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা—এগুলোই হল বন্ধের প্রধান কারণ। ২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সমিতি পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা দিলে পাকিস্তানও ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করে দেয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হৃতিক রোশনের ‘কাবিল’ মুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা সাময়িকভাবে উঠলেও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উত্তেজনার জেরে তা আবার স্থায়ীভাবে কার্যকর হয়। ডনের প্রতিবেদনে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা, টিকিটের উচ্চমূল্য ও বিনিয়োগের অভাবকেও সংকটের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‘মোহাব্বত’ ঘিরে পরিকল্পনা

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারও পরিচালক হিমেল আশরাফের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব। আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ‘মোহাব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে কয়েকজন পাকিস্তানি অভিনেত্রীর পাশাপাশি দুজন ভারতীয় অভিনেত্রীকেও বিবেচনায় রাখা হয়েছে বলে ডেইলি সানের প্রতিবেদনে উল্লেখ আছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে এবং আগামী বছরের মে মাসে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য রয়েছে। নায়িকাদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ প্রযোজনা বাস্তবে রূপ পেলে নতুন বাজারের সুযোগ তৈরি হতে পারে। তবে আন্তর্জাতিক বাজার নিয়ে কথা বলার সময় সঠিক পরিসংখ্যান জানা জরুরি বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

সূত্র: ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডেইলি সান


Top