রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে।এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় ঘোষণা শুরু করেন।
রায় শুনতে সকালে হাইকোর্টে আসেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। এ সময় তিনি আদালতের কাছে আসামিদের সর্ব্বোচ শাস্তি প্রত্যাশা করেন।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট।