সারাবিশ্ব

প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

ডেটিং অ্যাপে পরিচয়। সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে। একপর্যায়ে দুজন সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই কানাডা থেকে ভারতের রাজস্থানে ছুটে আসেন এক নারী। কিন্তু যে মানুষটির সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন, সামনাসামনি দেখা হওয়ার পর সেই মানুষটিই বিয়েতে পিছিয়ে যান। কারণ হিসেবে উঠে আসে নারীর বয়স।

অনলাইন যোগাযোগে প্রায় এক বছর ধরে গড়ে ওঠা সম্পর্কের এমন পরিণতি এখন আলোচনায়। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের নিমরানা এলাকায়। কানাডীয় ওই নারী বিয়ের প্রত্যাশা নিয়ে ভারতে এলেও শেষ পর্যন্ত তাকে স্থানীয় পুলিশের সহায়তা নিতে হয়। বিষয়টি গড়ায় কানাডীয় দূতাবাস পর্যন্ত।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কানাডার ওই নারীর সঙ্গে হরিয়ানার পানিপথের বাসিন্দা ৩১ বছর বয়সী নিতিনের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। নিমরানা থানার কর্মকর্তা সুরেন্দ্র যাদবের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল।

প্রথমে অনলাইন কথোপকথন, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ- এভাবেই তাদের সম্পর্ক এগিয়ে যায়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ওপর ভরসা করেই সেই নারী কানাডা থেকে ভারতে আসার পরিকল্পনা করেন।


Top