বিশেষ সংবাদ

দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একাংশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘সাধারণ শিক্ষকবৃন্দ’ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিস্ট শক্তি অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে দেশকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। সেই বিভীষিকাময় পরিবেশ যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।’

গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হতে হবে। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ, রাস্তায় ককটেল বিস্ফোরণ, বাসাবাড়ি ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া এবং মানুষের ওপর জুলুম-নির্যাতনের মতো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।’


Top